পাঁচপক্ষ
~~~~~~
প্রথমপক্ষ
~~~~~~
আবাসিক পালানোটা তাই তাদের কাছে ভয়ঙ্কর দুর্যোগের সামিল, না হলে দুর্যোগের প্রাদুর্ভাব। তাই এসব দুর্যোগের মোকাবিলা করার জন্য, বিশেষ করে, স্থানীয় মানুষের মনে মিশনের অস্তিত্ব আর কাজ নিয়ে সন্দেহ, অসন্তোষ, ক্ষোভ বা সেসব তৈরি হওয়ার মূল নিড়িয়ে ফেলার চেষ্টায় নিয়মিত আশেপাশের গ্রামগুলোতে যান মিশনের সন্ন্যাসিনীরা। তাঁরা চেষ্টা করেন স্থানীয় ভাষাটা রপ্ত করে আশেপাশের গ্রামের লোকেদের দৈনন্দিন যাপনের সুখাসুখের খবরাখবর রাখার। তাঁরা মনে করেন যে এভাবে তাঁরা মিশনের প্রতিবেশিদের অবিশ্বাস জিতে বিশ্বস্ত হয়ে উঠতে পারবেন, আশা ভরসার আধার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন, আর তার ফলে নিজেদের জনপ্রিয়তা ও পৃষ্ঠপোষকের সংখ্যাও বাড়াতে পারবেন।গ্রামে নানা ধরনের কাজ করে মিশন। তার মধ্যে যেমন আছে রুগীর আর আহতের শুশ্রূষা, ধাত্রীর সেবা, ভূত তাড়ানো, ভূত ছাড়ানো তেমনই আছে আচার বানানোর, সেলাই করার, গরম কাপড় বোনার বা জৈব চাষ করার কৌশল শেখানো, আরও আছে শিশুকিশোরদের পড়াশোনা শেখানোর কাজ আর চরিত্রবিকাশের উদ্যোগ। সুরচিতা যোগ দিয়েছে পড়াশোনা শেখানোর কাজে। শুরুতে চরিত্রবিকাশ ব্যাপারটা কী-কেন এসব নিয়ে তার কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু তার ছাত্রদের মতিগতি বুঝতে গিয়ে সে ক্রমে সামিল হয়ে গেছে চরিত্র রূপায়নের উদ্যোগে।
তার বেশ হাসিই পেত প্রথম প্রথম নামগান শুনিয়ে, জপমালা ধরিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ধার্মিক করে তোলার নামে ধর্মভীরু করে তোলার চেষ্টা দেখে। কিন্তু যত দিন কেটেছে তার কাছে স্পষ্ট হয়েছে এই চেষ্টার মূলে আছে নিতান্ত জান্তব জৈবিক জীবনকে অতিক্রম করে মনুষ্যত্ব অর্জনের এক অধ্যবসায়। কিন্তু জৈবিক প্রক্রিয়ার অমোঘতার সাথে সংঘাতে বেশিরভাগ সময়েই সে অধ্যবসায়ের হার হতে দেখেছে। বার বার অনুশীলন, অধ্যবসায়ের শৃঙ্খলা কাটিয়ে বয়ঃসন্ধির নতুন যৌনাকর্ষণ টেনে নিয়ে গেছে ছেলেমেয়েগুলোকে অকালে প্রাপ্তবয়স্ক দায়িত্বের দিকে, নেহাৎ প্রাকৃতিক খেয়ালে।
অপরিণত যৌবন আর অনুদ্যাপিত কৈশোরের যুদ্ধে শেষ হয়ে গেছে কিছু জীবন নেহাৎ অল্প বয়সে। কিছু জীবন নড়বড়ে দুর্বল অস্তিত্ব নিয়ে গড়িয়ে গেছে প্রথম ভ্রান্তি থেকে পরবর্তী ভুলে, তার থেকে বৃহত্তর অপরাধের কবলে। কিছু জীবন নড়বড়ে অস্তিত্বে টিঁকে থাকার লড়াইকে করে ফেলেছে ভয়ানক জটিল। কিছু জীবন বঞ্চিত হয়েছে সুস্থ পারিবারিক জীবন থেকে। কিছু জীবন আত্মঘাতী হয়েছে, কিছু হয়েছে সন্তানঘাতী। কিছু সদ্যজাত প্রাণ নিভে গেছে অবহেলায়, পরিত্যাগে।
~~~~~~
Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml
(চলবে)
