Tuesday, April 21, 2026

Panchpoksho -18

 পাঁচপক্ষ

~~~~~~



প্রাক্‌পক্ষ

~~~~~~

এখন আর সুরচিতার মনে পড়ে না বাবার সাথে কথা বলার কতোদিন পরে কাণ্ডটা সে করেছিল। কিন্তু তারিখটা তার ডাইরির পাতায় নকশা করা আছে। সেদিন কিছু একটা কারণে হঠাৎ ক্লাস বাতিল হয়ে গিয়েছিল ইউনিভার্সিটিতে। ওরকম প্রায়ই হতো, দুদল ইউনিয়নবাজ ছেলেমেয়ের মারপিটে, বা মারকুটেদের শাস্তির প্রতিবাদে বা ওদের কোনো দূ-সম্পর্কীয় বুড়ো নেতা মারা গেলেও। তাই কারণটা খুব বিশেষ ছিল না সুরচিতার কাছে। সেদিন বাড়ি ফিরে সে বোঝা-বোঁচকা সব নামিয়ে প্রায় উড়ে গিয়েছিল সাইকেল নিয়ে। সঙ্গে শুধু ছিল অভির পরীক্ষার খাতাটা।

ঠিকানা জানা ছিল। কিন্তু বাড়িটা দেখে ভুলভুলাইয়া মনে হয়েছিলো। বাইরে থেকে কড়া ঘুরিয়ে খোলা যায় এরকম একটা জীর্ণ কিন্তু সেগুনের পাল্লা ছিল সদর দরজায়। দরজাটা পনের ইঞ্চি পাঁচিলের গাঁথনিতে ফোটানো, রাস্তা থেকে একধাপ উঁচু সিঁড়ির মাথায়। সেটা পেরিয়ে তিনদিক পনের ইঞ্চি পাঁচিলে ঘেরা উঠোন। উঠোনের মাঝামাঝি তুলসী মঞ্চ; তাতে একটা শুকনো মরো মরো তুলসী গাছ পুরো বাড়িটার জীর্ণ আবহাওয়াটার মুখড়া গাইছে। 

উঠোনের তিনদিকে উঁচু রক। রক বরাবর অনেকগুলো দরজা জানলা। এখানে ওখানে ছেঁড়া ফাটা পর্দারা ঝুলছে। কোনোটা তার পিছন থেকে আসা পাখার হাওয়ায় দুলছে। আবার কোনোটা টানটান স্থির ঢেকে রাখছে আপ্রাণ তালার ভার। 

সবচেয়ে সরু দরজাটায় কোনো পর্দা ছিল না, তাই দেখা গেল সেখানে অন্ধকারে উঠে গেছে একটা সিঁড়ি। তার সামনেও রক থেকে দু ধাপ সিঁড়ি নেমেছে উঠোনে। দরজাগুলোতে না ছিল কোনো নম্বর, না কোনো নেমপ্লেট। কী করলে অভিকে খুঁজে পাবে বুঝতে পারছিল না সুরচিতা। হতভম্বের মতো দাঁড়িয়ে ছিল, আর মাঝে মাঝে পিছন ফিরে দেখছিল রাস্তায় রাখা সাইকেলটাকে।


সেই সময় একটা পর্দা দুলিয়ে মাঝবয়সী এক মহিলা বেরিয়ে এসেছিলেন। আর তখনই পিছনে একটা পুরুষকন্ঠ গজগজিয়ে উঠেছিল, “কী সব বিবেচনা! দরজার মুখটা জাম করে সাইকেল রাখে......” 

সুরচিতা পিছন ফিরে দেখেছিল যে সত্যিই পুরুষটি নিজের সাইকেলটা বাড়িটার দরজা পার করে ভেতরে ঢোকাতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছেন। কিন্তু তার থেকেও বেশি জরুরি ছিল মহিলাটির থেকে অভির ঠিকানা জানা। তাই বলেছিল, “শুনছেন?” 

মহিলা ফিরে তাকিয়ে বলেছিলেন, “আমাকে বলছ?” 

সুরচিতা বলেছিল, “হ্যাঁ, আপনাকেই। অভিরা মানে দিলীপকাকু কোন ঘরে থাকেন?” 

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)

Readers Loved