Sunday, April 12, 2026

Panchpoksho - 09

পাঁচপক্ষ
~~~~~~



প্রত্নপক্ষ
~~~~~~
সুরচিতা বলে, “থাকো মফস্বলে; যেখান থেকে হাতখরচের টাকায় রেজাল্ট দেখতে যাওয়ার পথখরচ ছিল না আমার সেদিন। তার ওপর পথখরচের ব্যবস্থা করলাম তো বিপদ-আপদের আশঙ্কায় আমাকে একা যেতে না দেওয়ার ড্রামাবাজি করে সময় মতো রেজাল্ট দেখতে যেতে দাও নি, নিজেরাও দেখে আসো নি। অন্য লোকে নিজের ছেলের রেজাল্ট দেখতে গিয়েছিল, সে তোমাদের অনুরোধ রাখতে আমার রেজাল্টও দেখে আসবে বলেছিল; সে এসে যা বলেছিল সেটাই বিশ্বাস করতে বাধ্য করেছিলে; এই অন্য লোকটা কে? না যে তোমার মেয়ের স্কলারশিপের দরখাস্ত জমা দেবে বলে দেয় নি এমন সন্দেহ তোমাদেরও হয়েছিল। বলিহারি তোমাদের মানুষে বিশ্বাস!”
মা তখন সুর বদলেছিলেন, “তোর সব ব্যাপারে পুরোনো কথা টেনে আনা--”
সুরচিতা বলেছিল, “ঘটনাগুলো ভুলে গেলে দুঃখ লাঘব হয়, কিন্তু তার থেকে পাওয়া শিক্ষাটা ভুলে গেলে আবার একই ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তোমাদের চোখে ঠুলি, তোমরা বুদ্ধিকে অস্বীকার করে নির্বোধ আর নির্বিবাদী আদর্শবাদ দেখিয়ে যাও। বাস্তব বুদ্ধিতে যারা বাচ্চা মানুষ করল তাদের নিন্দে করো; তাদেরকে আত্মকেন্দ্রিক আর স্বার্থপর বলো। তোমরা নিজেরা নিজেদের মতো করে, নিজেদের বিচারে, ভালোমানুষটি থাকো। আমাকে ভালো মানুষ বানানোর চেষ্টা কোরো না খবর্দার। তোমার বাচ্চার দায়িত্ব তুমি না নিতে পারলে কে নেবে? সমাজ? পার্টি? আমাকে বঞ্চিত করে পার্টি আর সমাজ পোষণ করে চলেছ আমি কিচ্ছু বলি নি, এবার যে সমাজের আর পার্টির হাবিজাবি লোককে পুষতে আমাকে শোষণ করতে চাইছ! দেব সব ভেঙে, পুড়িয়ে তোমাদের মতো, তোমাদের প্রিয় বিপ্লবী কায়দায়?”
মায়ের ধৈর্যের বাধ ভেঙেছিল। হাতের কাছে ডিকশনারিটা ছিল, শব্দজব্দ করছিলেন, সেটা দিয়ে সুরচিতার পিঠে এক ঘা দিয়ে বলেছিলেন, “কী করবি তুই? কী করতে পারিস?”
সুরচিতা বলেছিল, “তোমার শাড়িটা দিয়ে তোমার ঘরের পাখা থেকে ঝুলব, হাতের মুঠোয় চিঠিতে লেখা থাকবে তোমাদের গুণপনা।” তারপর মায়ের হাত থেকে খবরের কাগজটা কেড়ে নিয়ে কুটিকুটি করে ছিঁড়ে দিয়েছিল। তাকে যে বাবা-মা লাগাম পরিয়ে রাখতে পারেন নি সেটা প্রমাণ করার জন্য তক্ষুনি কিছু একটা করা জরুরি হয়ে পড়েছিল যে।
সেদিন রাতে খেতে বসে বাবা বলেছিলেন, “দিলীপের প্রেসটা বন্ধ করে দিতে হয়েছে। ওর ছেলেটার পড়াশোনা বন্ধ হওয়ার দাখিল। পার্টি যদি এসব দেখত তাহলে কি আর তোকে বলতাম পড়াতে?”
~~~~~~
Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml
(চলবে)

Readers Loved