Thursday, May 28, 2026

Panchpoksho - 55

 পাঁচপক্ষ

~~~~~~



আত্মপক্ষ

~~~~~~

উপলব্ধিতে স্বর গাঢ় হল, “পড়াশোনার অভাবটা সুস্থ সমাজজীবনে বেঁচে থাকার একমাত্র প্রতিবন্ধক নয়। মূল অভাবটা বিকল্প খুঁজে নিতে না পারার অক্ষমতা। জপ-তপে অধ্যবসায় অনুশীলন থাকলেও সেগুলো অস্থিরতা কাটানোর খুব জোরালো কোনো উপায় নয়। নীতিকথা বুঝতে যে বোধ লাগে বা বোঝানোর জন্য অনুশাসনের গণ্ডি ছাপিয়ে যে প্রাঞ্জলতা লাগে তাও নেই দেখলাম। ফলে এসব নীতিকথা গ্রামের ছেলেমেয়েগুলোকে বিবেচনাও দেয় না; বিকল্প খুঁজতে যে আত্মবিশ্বাস লাগে তাও দেয় না। সব দেখে কেবল মনে হতে লাগল যে প্রার্থনা আসলে নিজেকে ঠকানো, নিজেদের অক্ষমতাকে নিজের ক্রোধ থেকে আড়াল করার কান্না।”

কাজের কথায আবার ফিরে এলো প্রত্য়য়, “আমি কোমর বেধে লাগলাম একটা পরিকল্পনা করতে। তার থেকে জন্মালো প্রকল্প। মিশনের ডাক্তার গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার রোমা এক কথায় রাজি হয়ে গেলেন। টৌলিং থেকে আর মাঠপুর থেকে দুজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও আসেন মাসে দুবার করে, বদলা-বদলি সপ্তাহে। এসবের আয়োজনে এক সময় টের পেলাম যে এখানে করার মতো অনেক কাজ আছে। সারাজীবনে আমার শেষ হবে না। কিন্তু এই ব্যস্ততা এই ডুবে থাকা আমাকে মজিয়ে দিয়েছে। এসব ছেড়ে এক্ষুনি যেতে পারব না। গেলে ভীষণ একঘেয়েমি আর মনখারাপ পেয়ে বসবে।”

নিজেদের কথায় ডুব দিল এবার, “তোর তো উপায়ই নেই সব ছেড়ে এক্ষুনি আমার কাছে আসার। আর এসেই বা কী করবি? আমি তো মত্ত আছি আমার খেয়ালে, এখান থেকে পাততাড়ি গুটোতে বাধ্য হলেও আমি যেখানে যাব সেখানে এরকম সর্বগ্রাসী কাজই খুঁজব। চব্বিশ ঘন্টা মেতে থাকার একটা উপলক্ষ খুঁজব। এ একটা ভয়ানক তীব্র নেশা। সত্যি বলতে কী এই নেশার চোটে তোর-আমার বিয়ের কথা, যে সংসারকে মনে মনে সর্বক্ষণ সাজাতাম সেসবের কথা কখন যে ভেসে গেছে টেরও পায় নি। কিছুতেই চার দেওয়াল আর একটা চাকরির মধ্যে নিজের সংসার সাজিয়ে আর মন বসাতে পারব না। তাতে হাঁপিয়ে উঠব, কষ্ট পাব। তখন এতো ভালোবাসার মানুষটাকে সংসারে বেধে নিজের হাঁসফাঁস আর তারও তাই করে ছাড়ব। তাই ভাবলাম তোকে বুঝিয়ে বলি সব। তুই বুঝবি।”


অভি বলল, “বুঝিয়ে বললে তাই বুঝলাম। কারণটা শুধু আমার মা বা তোমার মায়ের আমাদের বিয়েটা মানতে না পারা নয়, তুমিও আর বিয়ের বাঁধন যে চাও না সেটাই সব থেকে জরুরি আর গুরুত্বপূর্ণ।”

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)

Readers Loved