Saturday, April 18, 2026

Panchpoksho - 15

 পাঁচপক্ষ

~~~~~~



প্রত্নপক্ষ

~~~~~~

হিসেব বোঝাতে লাগলেন বাবা, “পাঁচ বছরের কাগজের দাম ধার করে চোকালে ওর প্রেসটার খোলনলচে বদলের কাজটা হতোও না; প্রেসটা ধুঁকত, মার খেত ব্যবসা। এখনই প্রযুক্তি বদলেছে; এখনই তার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে পিছিয়ে পড়তেই হবে। খদ্দেরের ডিমান্ড আপ-টু-ডেট টেকনোলজি দিয়ে মেটাতে না পারলে খদ্দের অন্য ব্যবসাদারের কাছে চলে যাবে। প্রেসে প্রযুক্তিগত অদলবদলগুলো এখনই না করতে পারলে পরে পারার সম্ভাবনা কম, সংস্থান জোটানোই যে দুঃসাধ্য হয়ে যাবে। তারপরেও যদি বা সুযোগ আসে তখনও যে একইভাবে ও বাধা পাবে না তার নিশ্চয়তা কী? ক্রমশঃ শেষের দিকে এগিয়ে, যুদ্ধটাকে আরও বিধ্বংসী করে তুলে তারপর আত্মসমর্পণ করে নাকাল হওয়ার থেকে ও ভেবেছে আত্মহত্যাই শ্রেয়। তাই প্রেসটা বেচেই দিল ও।”


বুদ্ধি দিয়ে সুরচিতা বোঝার চেষ্টা করছিল সত্যি নিস্তার কিছু আছে নাকি। ও বেশ দুশ্চিন্তায় হাবুডুবু খেতে খেতে জানতে চাইল, “বাবা, এই বয়সে দিলীপকাকু তো চাকরিও পাবে না, তাহলে এখন ওদের চলবে কী করে?” 

বাবা ভাঙা গলায় বললেন, “দীপ্তির কাজ আছে। তবে সেটা তেমন জোরালো কিছু নয়। দিলীপের কিছু বাঁধা খদ্দের তো ছিল। সেই কাজগুলো ও ধরবে; মণিবাবুর ওখানে বা অন্য কোথাও, মানে যেখানে সবচেয়ে সস্তায় হবে, সেখানে কাজগুলো করিয়ে তুলে দেবে--” 

দারুণ ষড়যন্ত্র টের পেয়ে গেছে যেন এমন করে সুরচিতা বলল, “মানে দালালি করবে। চেনা ছকে আরেকটা স্বাধীন ছোট ব্যবসাদারকে দালাল বানানো হলো। রোজগারের পরিমাণের কথা ভাবলে স্পষ্ট দেখা যায় যে ব্যবসাদার থেকে দালাল হয়ে যাওয়া লোকগুলো বেশ গরীব আর দুর্বল হয়ে পড়ে। ব্যবসায় লোকগুলোর আয়ের পরিমাণ অনিশ্চিত ছিল, কিন্তু আয়টা নিয়মিত ছিল। এখন আয়টা যেহেতু অন্য দুটো লোক বা সংস্থা পরস্পরের সঙ্গে ব্যবসা করবে কিনা তার উপর নির্ভরশীল, তাই সেটা অনিয়মিত হয়ে গেল। লোকগুলো বেশ মাজা ভেঙে হাঁটু মুড়ে বসল। এতো তামাম জনসাধারণকে চেটে-চুষে-চিবিয়ে খাওয়ার দুর্ধর্ষ বন্দোবস্ত গো বাবা!” 

মেয়েকে ছদ্ম মুগ্ধতায় অকপট নিন্দে করতে দেখে হেসে ফেললেন সুরচিতার বাবা, “তবে এই মাজাভাঙা অশক্ত লোকগুলোর ঘাড়ে সমাজ বল আর রাজ্যপাটই বল, সে তো আর শতক ধরে নেত্য করতে পারবে না। দুর্বল লোকগুলো সে বোঝা বইতে পারবে না। খুব শিগগির মুখ থুবড়ে পড়বে। এটাই নিশ্চিন্তির কথা।”

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)


No comments:

Post a Comment

Readers Loved