Monday, May 11, 2026

Panchpoksho - 38

 পাঁচপক্ষ

~~~~~~



প্রতিপক্ষ

~~~~~~


ধৃতিকান্তর চোখে ‘ফির কেয়া হুয়া’ জাতীয় প্রশ্নের ছায়া দেখে, বলে চোলে, “এতক্ষণে তাঁরা কাজ শেষ করে ফেলে নিজের নিজের জপমালা বা ধর্মগ্রন্থ নিয়ে বসে গেছেন বাগানে বা বারান্দায় বা বসার ঘরে। বারোটার ঘন্টা বাজলে আবার হেঁসেলে যাবেন, ডাল-ভাত-তরকারি খাবেন, বাসন-কোসন মাজবেন ফের দিবানিদ্রা দেবেন, বা আচার শুকোবেন কী লেস বুনবেন, কিংবা সোয়েটার। কেউ কেউ পাড়াও বেড়াতে বেরোন। বিকেলে উপাসনাকেন্দ্রে গিয়ে পিয়ানো বাজিয়ে গান-টান গাইবেন। তারপর রাতের খাওয়া সেরে নেবেন।”

বিস্তারিত বিবরণের পর এলো উপসংহার, “তাহলে বুঝেছ? এখানে তুমি চাও বা না–চাও ভোররাতে ঘুম ভাঙবেই। তবে দিনের কাজে কেউ কেউ আবার আপোশও করবেন। সরেজমিনে দেখতে আসবেন আপ হামারে হ্যাঁয় কৌন?” 

ব্যাজার মুখে ধৃতিকান্ত বলেছিল, “আমি তোর ভেতরের ঘরে ঘুমোতে যাচ্ছি।” 

ঝটিতি জবাব দিয়েছিল সুরচিতা, “বাব্বা শুধু পুরুষবন্ধু নয়, এক্কেবারে বেডরুমে! কী মশলা গো সন্ন্যাসিনীদের পানসে জীবনে! ওঁরা বচ্ছরভরের খোরাক পাবেন রে, আমাদের দুহাত তুলে আশির্বাদ করবেন।” 

ধৃতিকান্ত ঘরের ভেতর থেকে গজগজ করে কী বলেছিল শুনতে পায় নি সুরচিতা।


স্নান সেরে ব্রেকফাস্ট বানিয়ে তৈরি হয়ে নিয়েছিল সুরচিতা। তারপর আবার চা নিয়ে বসে ও খবরের কাগজ উল্টেপাল্টে দেখতে দেখতেই ধৃতিকান্ত স্নান সেরে তৈরি হয়ে গিয়েছিল। খাওয়া সেরে বেরোনোর মুখে দেখা হয়ে গিয়েছিল একদল সন্ন্যাসিনীর সাথে। ওঁরা গুহামন্দিরের বাগানের পরিচর্যা সেরে ফিরছিলেন বাসায়। ওঁদের অনেকেই আবার সুরচিতার সহকর্মী। ওঁদের সাথে ধৃতিকান্তের পরিচয় করিয়ে দিয়েছিল সে। 

সন্ন্যাসিনীরা পরামর্শ দিয়েছিলেন জেলাশহর টৌলিং দেখতে যাওয়ার। কারণ সেটা পুরোনো দিনের গ্রীষ্মকালীন রাজধানী হওয়ায় ঐতিহাসিক শহর। তারওপর স্থানীয় মানুষের উৎসাহে ইতিহাস সেখানে এখনও জেগে আছে গলিঘুঁজি থেকে রাজপথে। ফলে বেশ আকর্ষণীয় গম্ভীর জায়গা। আবার পুরোনো রঙে রাঙা হলেও বেশ ঊজ্বল। 

তারপর ওঁরা ঘুরে ঘুরে ধৃতিকান্তকে দেখিয়ে ছিলেন গুহামন্দির, উপাসনাকেন্দ্র, আর আবাসিক অংশ বাদে মঠের আনাচকানাচ। সিঁড়ি দিয়ে হাইওয়েতে নেমে সুরচিতারা ট্রেকার পেয়ে গিয়েছিল টৌলিং-এ যাওয়ার। চকে গিয়ে ঘুরতে ঘুরতে বকবক করতে করতে বাছাই করা রেস্তোরাঁতে পৌঁছে ওরা খাওয়া-দাওয়াও সেরেছিল।

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)

Readers Loved