Saturday, May 2, 2026

Panchpoksho - 29

 পাঁচপক্ষ

~~~~~~



প্রাক্‌পক্ষ

~~~~~~

শীতের ছুটিতে সুরচিতা একদিন লাইব্রেরি গিয়েছিল। দেখেছিল ওখানে স্টাডিরুম খোলা হয়েছে। ব্যবহার করতে পারে যে কেউ সোম থেকে শুক্র, দুপুর থেকে রাতে লাইব্রেরি বন্ধ হওয়া অবধি। লাইব্রেরির বইয়ের দেখাশোনা করতেন রুনুদি, সেবাদি আর পুবের পাহাড় থেকে আসা শ্যামশরণদা। তাদের সাথে সুরচিতার খুব ভাব ছিল। ওঁরা সুরচিতাকে পুরো লাইব্রেরির যত্রতত্র যেতে দিতেন, বই সাজাতে গোছাতে দিতেন, ধুলো ঝাড়তে দিতেন, আর যে বইটাই তার চাই সেটা খুঁজে রাখতেন; অনেক সময়ে বইয়ের বদলে দিতেন শুধু খবর যে কবে নাগাদ কাঙ্ক্ষিত বইটা বা বইগুলো সুরচিতা হাতে পাবে। 

অতএব দিদিদের বুঝিয়ে অভির ট্রেন যাত্রার উপায়ান্তর পাওয়া গেলো। সে এসে দিদিদের সাহায্যে দুপুরের অনেক আগে থেকে স্টাডিরুমে ঢুকে পড়ত। আর বিকেলে হল্লা শুরু হলে বা তার আগেই নিজের গন্তব্যে রওনা হতো। কর্তৃদের কেউ যদি জানতে চাইতেন যে অসময়ে স্টাডিরুমের পাঠক কে, শ্যামশরণদা কিংবা দিদিরা জানাতেন যে অভি রুনুদির বোনপো; বাড়িতে পড়াশোনার অসুবিধে থাকায় ও লাইব্রেরিতে বসে পড়ে।


অভি লাইব্রেরিতে বসে পড়তে শুরু করার আগে রুনুদি বা অভি কেউ কাউকে চিনতও না। সরকারি মহকুমা লাইব্রেরিতে গ্রুপ ডি গ্রন্থাগার সেবিকার চাকরিটা পেতে রুনুদির ক্লাস এইট পাশের সার্টিফিকেট লেগেছিল একটা; আসতেনও মহকুমা শহরের বাইরে, দূরের একটা গ্রাম থেকে, বাসে করে। শাড়ি-জামাতে অনটনের ছাপটা স্পষ্ট ছিল। কিন্তু মনে কোনো কার্পণ্য ছিল না। সে-কথা বলতে গেলে বলতেন, “ওরে মেয়ে আমার কী এতে কোনো খরচা আছে? ছেলেটা তো আলোপাখাও জ্বালায় না যে ইলেকট্রিক পুড়বে সরকারের; উল্টে আমাদের সুবিধে হয়, ও যেখানে বসে সে জায়গাটার ধুলো ঝাড়তে হয় না।” 

তারপর খুব যেন রসিকতা হয়েছে এমন করে তিনমূর্তি হেসে উঠত। সুরচিতা চাকরি পেয়ে রুনুদি আর শ্যামশরণদাকে পান খাইয়েছিল; সেবাদি চা-পান খান না; তাই তাঁর জন্য ছিল টফি।


তারপর কখন যে দুটো বছর কেটে গিয়েছিল টের পাওয়া যায় নি। অভির ইঞ্জিনিয়ারিং কলেজের আর হোস্টেলের ফি মকুব হয়ে গিয়েছিল। কিন্তু খাতা পেন পেন্সিল, অল্প হলেও ইন্সট্রুমেন্টস, দিন গেলে অসুখ-বিসুখ, জামাকাপড় বাবদ খরচ এসবের ব্যবস্থা করার জন্য মাসে মাসে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ভরার দায়িত্ব সুরচিতা নিয়েছিল। যদিও ওর বাবা-মা জানতেন ওঁদেরই খরচটা চালাতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা হয়েছিল ওর কলেজের ব্রাঞ্চে। তারপর ক্রমে অভি টিউশন জুটিয়ে নেবে কয়েকটা এমনটাই ঠিক হয়েছিল।

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)

No comments:

Post a Comment

Readers Loved