Saturday, May 9, 2026

Panchpoksho - 36

 পাঁচপক্ষ

~~~~~~



প্রতিপক্ষ

~~~~~~

ধৃতিকান্ত অসহিষ্ণু হয়ে উঠেছিল, “তবে কী? তুই সন্ন্যাসিনীদের নিয়ে খোরাক করবি, যাকে ভালোবাসিস তাকে বিয়ে করবি না...কী ন্যাকামি এসব?” 

সুরচিতা ধাঁধার সমাধান করে দিয়েছিল, “দেখ ধৃতি, যখন কলেজে পড়তাম তখন একটা ছেলের সাথে একটা মেয়ের একটু মেশামিশি হলে যদি একজনের অন্যজনকে ভালো লাগত তাহলে সে কথা জানাজানিও হয়ে যেত। জানার পর কিছুদিন কী করি কি না করি করে অন্যজন একটা সম্পর্কে রাজিও হয়ে যেত বেশিরভাগ সময়েই। তারপরে সেসব সম্পর্ক টিঁকে গেছে বা ভেঙে গেছে, বা ভেঙে জোড়াও লেগেছে। সেরকম সময়ে যদি বলতিস, তাহলে হয়তো আমিও ধানাইপানাই করে রাজি হয়ে যেতাম। কিন্তু--” 

ধৃতিকান্ত গর্জে উঠেছিল, “আমি সেদিন বলি নি বলে--” 

সুরচিতাও বাধা দিয়েছিল, “আমি মোটেও বলছি না যে সেদিন না বলে এতোদিনে বলছিস বলে আমি রাজি নই।” 

ধৃতিকান্ত হতাশ গলায় বলেছিল, “আমি জানি, তৈরি হয়ে কোমর বেঁধে আসতে গিয়ে আমি দেরি করে ফেলেছি। আমার আগে কেউ তোকে--। ছাড়। কলেজে তুই সারাক্ষণ খিঁচিয়ে থাকতিস। কিচ্ছু পছন্দ নয় তোর। শুধু নম্বর পেতে হবে। ফার্স্টক্লাস পেতে হবে। ফার্স্টক্লাস পেয়ে কী করবি? কোথায় মাস্টার্স করবি? কোথায় পিএইচডি করবি? কিচ্ছু দিশা নেই। শুধু ছুটছে দম দেওয়া পুতুলের মতো। কাউকে বিশ্বাস করতিস না। আমি তোকে তাই বলতে পারিনি, যদি আমার বন্ধুত্বও বাতিল করিস! তারপর আমরা সবাই শহর ছেড়ে চলে গেলাম। তোকে দিয়ে কোনো ইন্‌স্টিটিউশনের ফর্ম পর্যন্ত তোলানো যায় নি। তোকে নাকি তোর বাবা-মা যেতে দেবেন না। এতোদিন পরে যখন দ্বিধার বয়স পেরিয়ে আমরা ধৈর্য ধরতে শিখেছি মনে করলাম তখন দেখি--। তোর বিয়েতেও কি বাবা-মায়ের আপত্তি?”


প্রশ্নটা না পেলে সুরচিতার জবাব দেওয়ার কিছু ছিল না। সবটাই সে বুঝেছিল। খুব শান্ত গলায় উত্তর দিয়েছিল, “তোর পুরো ভাবনার ওপর আমি শ্রদ্ধাশীল। যা করেছিস তার থেকে ভালো কিছু হয় না আমার বিবেচনায়। তোর প্রশ্নের উত্তর হলো যাকে ভালোবাসি তাকে বিয়ে করব শুনলে বাবা-মার সেরিব্রাল থ্রম্বোসিস হবে। তবে বিয়ে না করার সেটা কারণ নয়। সেটা কাল বলব। তোকে বিয়ে করলে বাবা-মার আপত্তি হয়তো হতো না। অন্তত তোকে ঠিকানা দিয়েছেন; আজ তুই আসতে পারিস মনে করে মা আজ ফোনও করল না। এসব দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু তুই কী আমার বাড়িতে জানিয়েছিস যে তুই কোথায় থাকিস এখন, কী কাজ করিস আর আমার কাছে কেন আসছিস?” 

~~~~~~

Published at পরবাস-৫৯, এপ্রিল ২০১৫ https://parabaas.com/PB59/LEKHA/gSanhita59.shtml 

(চলবে)

No comments:

Post a Comment

Readers Loved